সদালাপ: দেশী-বিদেশী বাংলাদেশীদের -জার্নাল

                                                                                   Shodalap: An inclusive e-journal for Bangladeshis at home and abroad

 

 

 

 

 

দানবীয়  বুটের  নীচে  দলিত  বিবেক

রুদ্রাক্ষর

 

  সামরিক উর্দীর কেন এত আস্ফালন ?

 ওতো বর্বরতার এক উলঙ্গ প্রতীক !

ও যে বিবেক-আদর্শের টুঁটি চেপে ধরা

 ভয় জাগানো শোষকের হাতিয়ার !

 

      আইন-মন্ত্রে বন্দী দানব,

কপটাচারী আইন-ডক্টরের চাটুকারী ফতোয়া পেয়ে,

আইন-খাঁচা ভেঙ্গে নেমেছে লোকালয়ে।

চালাচেছ নির্যাতন পৈশাচিক ত্রাসে,-

পিতৃসম অধ্যাপক, সাংবাদিক, কলামিষ্ট ও শিল্পসেবীদের উপর !

 

 ওদের নিষ্ঠুরতার নির্বিকার বর্ণনা

কবিতার শিল্প-সুষমাকে করবে অমর্যাদা

 ওরা যে বর্বরতার নজীরবিহীন জাহেলিয়াতের চেয়েও তমসাগ্রস্থ

 কলংক ইতিহাস করছে রচনা !

গুপ্তস্থানে নিয়ে জংলীরাজের নিয়মে

সশ্রদ্ধ অদ্ধাপকের সবল স্বীকারোক্তির নাটক,-

   কোন আইন-বিধিবলে হলো ?

আইন মৌলভী বড়ই নীরব বিদেশী প্রভুর ঈশারায়,

বুঝি খনি ধ্বংসক তেলদৈত্যের বেতনভোগী আইনজীবি,

  দেশবিক্রির সহযোগী গণশত্রু,

নীরব রয়েছেন নতুন ঈনাম আশায় ?

 

                          

দানব শক্তি আজ অক্রয়লভ্য, নির্লোভ, আপোষহীন

বিবেক শক্তিরে ধ্বংস করতে চায়,-

র‌্যাব-সেনারুপ বর্বর, লেজ-না-কাটা অসুরের দল-

রাখিতে অন্ধকারে গণদেবতার চেতনার ইন্দ্রীয়চোখ 

সূচাগ্র-তীক্ষ্ণ দীর্ঘ-নখর থাবায়

                       চেপে ধরে ঐ লোভ-আপোষহীন তথ্যসৈনিকের                    

পেশাগত পবিত্র ধর্ম, রুধিছে কন্ঠ বিবেক-স্বাধীনতার

হিংস্র পিশাচে দানবীয় হিংস্রতায়;

ইতিহাস হতে মূর্খের দল শেখেনি বুঝি কিছুই !

 

প্রগতিবাদী চিন্তার কান্ডারীদের প্রতি

বড় আক্রোশ বুঝি ঐ জল্লাদদের,

মূর্খরা কি ভাবে, দৈহিক নিধন-নিপীড়নেই,

বধ করা যাবে বিবেকাদর্শ মুক্তচিন্তার সৈনিকদের ?

               

কী নির্মম পরিহাস, ছাত্রজনতা !

এ সেনারা নাকি এদেশেরই সন্তান !

সত্য তো এই-

বাঙালী নয় ওরা,

নিজেদের ওরা বাঙালী ভাবেনা-

মননে মগজে ওরা,

নিরেট পাকির নবতর সংস্করণ ।

প্রশিক্ষণ পেতো করাচিতে আগে,

মগজধোলাই হত,

এখন যে পায় রাক্ষসের দেশে,

বদল করেছে প্রভু ।

 

মধ্যরাতে দানবের বুটের সশব্দ পদাঘাত পড়ে

         চিন্তাবিদদের ঘরের দুয়ারে,

ছত্রিশ বছর আগের এক ভয়াল রাতে,

এমনি করে হায়েনারা হেনেছিল আঘাত

জাতির প্রতিভাবান দিশারীদের ঘরের দুয়ারে ।

ধরে নিয়ে যায় পিশাচের দল, গুপ্তস্থানে-

মেধাশুন্য প্রতিবাদহীন জাতি করে, ,

চেয়েছে রচিতে বিঘ্নহীন শোষনের নয়া-উপনিবেশ ।
                 

ছত্রিশ বছর পরে আজ,

বিপন্ন কম্পিত শিক্ষাবিদের মনের ক্যানভাসে,

ভেসে উঠেছে কি ভয়াল কালোরাত্রির স্মৃতি-

নাৎসি রচিত বিয়োগান্ত নাটক দৃশ্য ?

শত ধিক্‌ ঐ অসুরীয় সামরিক উর্দীকে,

লুকোছাপার কোন চেষ্টাই করেনা ওরা,

অসহিষ্ণু, বর্বর তবে সচেতন শ্রেণীবিদ্বেষ,

তাই ঘটিয়েছে বারবার তার উদ্ধত প্রকাশ !

 

অসুরদের হাতে নির্মম নির্যাতনে,

শহীদ হতে হয় সততার প্রতীক,

গণমানুষের শেকড়লগ্ন মাটির মানুষ,

বিরল সমাজকর্মী আদিবাসী চলেশ রিছিলদের ।

চলেশ রিছিলকে শহীদ হতে হয়,

তিনি যে বহুজাতিকের বনধ্বংসের প্রতিবন্ধক !

তিনি যে আদিবাসীদের অধিকারে সোচ্চার !

অশুভ শোষকচক্র সমূল উৎপাটন চায় সমাজদেহ থেকে

সৎ-আদর্শবাদী প্রতিবাদী মানুষদের ।

 

সাম্রাজ্যবাদের ক্রীড়নক !

নহে কোন সার্বভৌমের প্রতীক !

ওদেরই নির্লিপ্ত চোখের সামনে ৭১'-

হলো মঞ্চস্থ ইতিহাসের নৃশংসতম গণহত্যা !

তখনো যে ওরা কায়েমী স্বার্থে

একই জাতের পাকি প্রভুদের আদেশ পালনরত !

 

যোগ দিয়েছিল ঐ সেনারা একাত্তরের যুদ্ধে,

পাকি জমানায় কখনো ওদের

জেনারেল বানাতোনা বলে !

কায়েমী স্বার্থের হিসাব যে বড় পাকা !

যুদ্ধে ওরা যোগ দিয়েছিল

স্বাধীন দেশের নয়া প্রভু হবে বলে,

কোন চেতনার তরে করেনি যুদ্ধ তারা ।

 

আমি থুতু দেই বর্বরতার প্রতীক

ওই সামরিক ঊর্দীর গায়ে,

যে ঊর্দীধারী নরাধম পিশাচেরা

জাতির পিতাকে বধে উন্মত্ত উল্লাসে !

 

আজিকার ঐ সামরিক ঊর্দীধারীর দল,

ওদেরই যে সুযোগ্য পদাঙ্কধারী !

জনক হত্যার বিচারের পদে পদে তাই বুঝি

জংলীশাসক-ঊর্দীধারীর শত বাধা প্রহসন ।

 

সেনা-রাক্ষসদের অসহিষ্ণু শ্রেণীবিদ্বেষের

উৎকট হিংস্র প্রকাশ, দেখেছে বাংলার মানুষ

ফুলবাড়ীয়ার বুকে,

যখন উন্মত্ত পাশবিকতা নিয়ে

এশিয়া এনার্জির ভাড়াটে কুকুর হয়ে,

ঝাঁপিয়ে পড়েছে ঘরে ঘরে ঢুকে-

প্রহার থেকে পায়নি রেহাই কিশোর নারী ও বৃদ্ধ !

 

যারা ওদের গায়ে দেশপ্রেমিকের তক্‌মা লাগাতে চায়,

হয় তারা ধুরন্ধর সুবিধাবাদী,

নয়তো বেহদ্দ বেয়কুফ মূর্খ,

সত্য তো এই-

ওরা বহুজাতিক আর দেশীয় লুটেরা শ্রেণীর

দাসানুদাস চাকর মাত্র,

দূর নিয়ন্ত্রিত নিপীড়ন যন্ত্র !

বিশ্বব্যাংক আর বহুজাতিকের স্বার্থপ্রহরী হয়ে,

এদেশবাসীর করের অর্থ দিয়ে,

চালায় যে গুলি বীরত্ব ফলাতে স্বদেশবাসীর বুকে ।

 

পড়েছে আঘাত আজ যুগ-যুগের মূল্যবোধে,

বঙ্গহৃদয়ে শিক্ষাগুরুর পবিত্র আসন-

লুন্ঠিত আজ অসুরের উদ্ধত বুটের ধুলিতলে,

গুরুমর্যাদার প্রশ্নহীন আসন, নবপ্রজন্মমানসে প্রশ্নবিদ্ধকরনের             

এ কী কুটিল চক্রান্ত সমরামলা শাসকশ্রেণীর ?

 

বাঙালী কি ভুলেছে পাকি শাসকচক্রের বারম্বার আঘাত

রবিঠাকুরের অমর সৃষ্টি, ভাষা-কৃষ্টি আর মুক্তবুদ্ধি মানুষদের উপর !

ভুলেছে কি এ দেশ বুদ্ধিজীবি হত্যার কৃষ্ণ-করুণ ইতিহাস !

ওদেরই প্রেতাত্মা এ দেশের সেনা-আমলা-গোয়েন্দারা

পাকিষ্টাইলে আজও হানছে আঘাত

মুক্তচিন্তার সৈনিক মুক্তিযুদ্ধের চেতনাধারীদের উপর !

পিতৃসম সশ্রদ্ধ অদ্ধাপকদের উপর !

               
বঙ্গমানসের চিরায়ত আবেগসিক্ত শ্রেয়বোধে

শঠতার নির্মম অবমাননার গ্লানি-

আপন শিক্ষকের লাঞ্চনা-অপমান কি

ছাত্রসমাজের আত্মগৌরবকে করেনা বিদ্ধ ?

এ দেশের ছাত্রযুবা কি বিস্মৃত হয়েছে পূর্বসুরীদের গৌরবগাঁথা ?

একুশের মহান চেতনা রক্তমূল্যে কেনা -

অন্যায় অসত্য আর কায়েমি প্রতিষ্ঠানের কাছে মাথা নত না করার শিক্ষা?


আর কত পাপ-অন্যায় শোষণ নিষ্পেষণের

ক্ষোভ জমা হলে বিসুভিয়াস জেগে উঠবে ?

এখনো কি ভাঙ্গবে না ঘুম ?

উঠবে না জেগে আগ্নেয়গিরি মহাবিস্ফোরণে

ধ্বংস স্তব্ধ করে দিয়ে অশুভ কালো শক্তির সদম্ভ আস্ফালন !

 

          

 

 Your comments

সদালাপ পড়ুন, সদালাপে লিখুন

Published on: June 08, 2008

 

Cite as: shodalap.com/rudrakkhhor_buter.htm

Disclaimer: The opinions/views expressed in the articles are solely of the writers'. Shodalap neither verifies nor endorses the claims and/or facts that appear in the writings.